গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ রয়েছেন বরিশালের মেহেন্দিগঞ্জ ও উজিরপুর আদালতের সিভিল জজ ফারহান নাদিম। মাগরিবের নামাজ আদায় করে বাসার উদ্দেশে আদালত থেকে বের হয়েছিলেন তিনি। কিন্তু এরপর তিনি আর বাসায় ফেরেননি। বন্ধ আছে তার মোবাইল ফোনও।
বুধবার (১৮ নভেম্বর) বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডি সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে তার স্ত্রী আদালতের অফিস সহায়ক নুর আলমকে ফোন করে জানান, বিচারক তখনো বাসায় ফেরেননি। পরে রাত ৮টার দিকে আবার ফোন করে একই বিষয় জানান। এ সময় বিচারকের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছিল।
এরপর অফিস সহায়ক নুর আলম আদালতের পেশকার মো. রাসেলুল হাসানকে ফোন করে বিষয়টি অবহিত করেন। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও বিচারকের সন্ধান পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। মো. মনিরুল ইসলাম।
আই/এ