রাজধানীর ধানমন্ডি থানায় কিশোর আবদুল মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার (১৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সাঈদ খোকনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
আদালতকে তিনি জানান, জুলাই আন্দোলন দমনে অর্থ ও অস্ত্রের জোগান, পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান, তাদের সঙ্গে যোগাযোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
এছাড়া অজ্ঞাতনামা আসামিদের পরিচয় জানা এবং সাঈদ খোকনকে আশ্রয়দাতাদের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে ব্যাংক এশিয়ার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত হন আব্দুল মোতালিব (১৪)।
এ ঘটনায় তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেন। এ মামলায় সাঈদ খোকন ২৯ নম্বর এজাহারনামীয় আসামি।
আই/এ