দেশজুড়ে

গোডাউনে অবৈধ সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের গোডাউনে মজুদ রাখা ৭৫ বস্তা সার জব্দ করে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দ করা সার কৃষকদের কাছে ন্যায্য দামে বিক্রির উদ্যোগ নেওয়া হয়।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার ধুবিল ইউনিয়নের মালতিনগর আমতলা বাজারে সরকার ট্রেডার্সের গোডাউনে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির।

অভিযানে পাওয়া সারের মধ্যে ছিল ১৫ বস্তা এমওপি, ৪০ বস্তা ডিএপি এবং ২০ বস্তা টিএসপি। সব মিলিয়ে ৭৫ বস্তা সার মজুদ ছিল গোডাউনটিতে। অবৈধভাবে সার মজুদ রাখার দায়ে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ৮(২) ধারা অনুযায়ী সংশ্লিষ্ট ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়।

কৃষকদের স্বার্থ বিবেচনায় নিয়ে জব্দ করা সার গোডাউনে আটকে না রেখে স্থানীয় বাজারে ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির জানান, গোপন তথ্যের ভিত্তিতে গোডাউনে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা সার পাওয়া যায়। এ ঘটনায় আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। পাশাপাশি কৃষকরা যাতে ন্যায্যমূল্যে সার কিনতে পারেন, সে ব্যবস্থাও নেওয়া হয়েছে।

অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগের ক্ষেত্রে নিয়মিত নজরদারি এবং কার্যকর আইন প্রয়োগ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অভিযানে কৃষি বিভাগের পক্ষে প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোমিনুল ইসলাম।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন #সিরাজগঞ্জ #সার