আন্তর্জাতিক

৩৮ জনকে হত্যা করে মাংস খাওয়ায় অভিযুক্ত গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

উগান্ডায় ১৫ বছর ধরে অন্তত ৩৮ জনকে হত্যার অভিযোগে মুজুরিজি মোসেস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। ২০১০ থেকে ২০২৫ সালের মধ্যে মাসাকা, ইবান্দা ও কাজো জেলায় এসব হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ রয়েছে। নিহতদের মাংস খাওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন উগান্ডার প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবা। তিনি মোসেসকে দেশটির ইতিহাসের অন্যতম ভয়ংকর খুনি হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে প্রকাশ্যে তার বিচার হবে এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে বলেও দাবি করেন তিনি।

স্থানীয় তদন্তকারীদের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে অত্যন্ত নৃশংস কায়দায় এসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

অভিযোগ রয়েছে, মোসেস প্রায়ই পুরো পরিবারকে লক্ষ্যবস্তু করত। রাতের অন্ধকারে ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে বাসিন্দাদের ওপর হামলা চালাত সে। এক পেন্টেকস্টাল যাজকের বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের কুপিয়ে হত্যার ঘটনাতেও তার দলের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

এ ছাড়া প্রেমের সম্পর্কের প্রলোভন দেখিয়ে কয়েকজনকে নির্জন স্থানে ডেকে নিয়ে হত্যার অভিযোগও রয়েছে মোসেসের বিরুদ্ধে। এর আগেও কয়েকবার গ্রেপ্তার হলেও পরে পালিয়ে যাওয়া বা মুক্তি পাওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

গ্রেপ্তারের পর তার আস্তানা থেকে বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি দীর্ঘদিন ধরে নিখোঁজ ব্যক্তিদের ঘটনা এবং পুরোনো হত্যাকাণ্ডের নথির সঙ্গে মোসেসের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বহু বছর ধরে এসব হত্যাকাণ্ডের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। একই সঙ্গে ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযোগগুলো আদালতে প্রমাণিত হওয়ার পরই তার বিরুদ্ধে আইন অনুযায়ী বিচারিক কার্যক্রম সম্পন্ন হবে।

সূত্র: এনডিটিভি

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #উগান্ডা #হত্যাকাণ্ড