প্রতিবন্ধী ব্যক্তিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করা সংস্থা ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের বেঙ্গল স্কোয়ারে সংস্থার কার্যালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা।
পরিদর্শনকারী দলে ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি ও এফবিসিসিআই-এর সাবেক সহ-সভাপতি মো. হেলাল উদ্দীন, দোকান মালিক সমিতির উপদেষ্টা আনোয়ার হোসেন বাদল এবং প্রচার সম্পাদক হাবিবুর রহমান।
এসময় ইন্সপিরেশন ওয়েল ফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সৈয়দা মুনিরা ইসলাম সংস্থার দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ, ব্যবসা ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, ক্ষুদ্র উদ্যোগ শুরুর জন্য মূলধন সহায়তা, স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কর্মসূচি, অ্যাডভোকেসি ও জনসচেতনতামূলক কর্মসূচি এবং বিশ্ব অটিজম সচেতনতা দিবস, বিশ্ব প্রতিবন্ধী ব্যক্তি দিবসসহ বিভিন্ন দিবস উদযাপন এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রসারের বিভিন্ন উদ্যোগ অতিথিদের সামনে তুলে ধরেন।
এসব কার্যক্রম দেখে অভিভূত হন অতিথিরা। সংস্থার প্রোগ্রাম কনসালট্যান্ট মোহা: নূর-উল-আমিন এ সময় উপস্থিত ছিলেন।
পরে এফবিসিসিআই-এর সাবেক সহ-সভাপতি মো. হেলাল উদ্দীন ইন্সপিরেশন ওয়েল ফেয়ার সোসাইটিকে একটি সেলাই মেশিন উপহার দেন।