আবহাওয়া

অর্ণবের রেশ না কাটতেই ‘মুরাসু’র শঙ্কা বঙ্গোপসাগরে

বায়ান্ন প্রতিবেদন

ঘূর্ণিঝড় অর্ণবের ক্ষয়ক্ষতি সামলে ওঠার আগেই বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণিঝড়ের আশঙ্কা তৈরি হয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি দ্রুত শক্তি বাড়াচ্ছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে এটি গভীর নিম্নচাপে এবং পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (৩১ অক্টোবর) সংস্থাটি জানায়, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ২ নভেম্বর সন্ধ্যার মধ্যে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি পৌঁছাতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় ভারতের আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপটি আগামী ছয় ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপরের ২৪ ঘণ্টায় সেটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়টি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২ নভেম্বর সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি অবস্থান করতে পারে।

পরবর্তী সময়ে এটি অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথ ও প্রভাব সম্পর্কে আরও বিস্তারিত পূর্বাভাসের অপেক্ষা রয়েছে।

এদিকে নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে অর্ণবের তাণ্ডবের মাত্র কয়েক দিন পরই। গত ২৮ অক্টোবর ভোরে ভারতের অন্ধ্রপ্রদেশের বাপটলা ও বিশাখাপটনমের মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগে আঘাত হানে ঘূর্ণিঝড় অর্ণব। সে সময় বাতাসের একটানা গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৩০ কিলোমিটার।

অর্ণবের প্রভাবে অন্ধ্রপ্রদেশের পাশাপাশি প্রতিবেশী ওড়িশাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঝড়ে অসংখ্য গাছ উপড়ে পড়ে। প্লাবিত হয় ঘরবাড়ি ও কৃষিজমি। নিরাপত্তার কারণে মাছ ধরার কার্যক্রমে বিধিনিষেধ আরোপ করা হয়। পাশাপাশি পরিবহণ ও বিদ্যুৎ সরবরাহব্যবস্থায় দেখা দেয় বড় ধরনের বিঘ্ন।

অর্ণবের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার আগেই নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কায় আবারও উদ্বেগ তৈরি হয়েছে ভারতের পূর্ব উপকূলীয় অঞ্চলে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ঘূর্ণিঝড় #অর্ণব #বঙ্গোপসাগর