দেশজুড়ে

স্বামীকে ছাড়ানোর আশ্বাসে নারীকে যুবদল নেতার ধর্ষণচেষ্টা

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কারাগারে থাকা স্বামীকে ছাড়িয়ে আনার আশ্বাস দিয়ে এক নারীকে (৪৫) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের নেতা হযরত আলী মণ্ডল (৩৮) বিরুদ্ধে।  অভিযুক্ত নেতা যুবদলের ফুলবাড়িয়া উপজেলার একটি ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক। ঘটনার পর ওই নারীর ধারণ করা একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। তবে আজ (৩০ অক্টোবর) দুপুর পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভিডিওতে স্পষ্ট দেখা গেছে, নারীকে ধর্ষণের চেষ্টা করা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই নারীর স্বামী মারামারির একটি মামলায় গত ১৪ সেপ্টেম্বর গ্রেপ্তার হয়ে কারাবন্দি আছেন। স্বামীকে কারামুক্ত করার আশ্বাসে হযরত আলী ওই নারীর বাড়িতে যাতায়াত করতো। গত ২০ অক্টোবর বেলা ১১টার দিকে ওই নারীর বাড়িতে গিয়ে তাকে কুপ্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়।

ভুক্তভোগী জানান, নিজের নিরাপত্তার কথা ভেবে তিনি আগে থেকেই মোবাইল ফোনে ভিডিও ধারণ চালু রেখেছিলেন। তার আশঙ্কা ছিল, কোনও দুর্ঘটনা ঘটলে ভিডিওটি প্রমাণ হিসেবে কাজে লাগবে। পরে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ফুলবাড়িয়া উপজেলা যুবদলের সভাপতি কামরুজ্জামান মীর আজাদ বলেন, ফেসবুকে হযরত আলীর একটি ভিডিও দেখেছেন। এ বিষয়ে জেলা ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #যুবদল #ধর্ষণচেষ্টা