দেশজুড়ে

খুলনায় এবার মুদি দোকানদারকে গুলি

খুলনা নগরীর দক্ষিণ টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে আকাশ কুমার কুণ্ডু নামে এক মুদি দোকানদার গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণ টুটপাড়া ক্রস রোডের গাছতলা মন্দিরের সামনে এ ঘটনা ঘটে।

আহত আকাশ কুমার কুণ্ডু টুটপাড়া গাছতলা মন্দিরের পূর্ব পাশের গলির বাসিন্দা শিব পদ কুণ্ডুর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আকাশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুলিটি তার পেটে বিদ্ধ হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, মোটরসাইকেলে করে আসা হেলমেট পরা তিন যুবক আকাশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যান। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে একই দিন বেলা ১১টার দিকে খুলনার তেরখাদায় দুর্বৃত্তদের গুলিতে রামিম বিশ্বাস (৩২) নামে এক যুবদল নেতা আহত হন। 

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #খুলনা #গুলি