ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে সৌদি আরব। পরে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পবিত্র নগরী মক্কাসহ আশেপাশের এলাকায় পড়ে।
শনিবার (২৪ অক্টোবর) সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্র জানান, লক্ষ্যবস্তুর দিকে যাওয়ার সময় ক্ষেপণাস্ত্র দুটি প্রতিহত করা হয়। এর ধ্বংসাবশেষ মক্কার পবিত্র মসজিদুল হারাম থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ওয়াদি আল-মুগাম্মাস এলাকায় পড়ে।
এছাড়া জেদ্দার আল-নুজহা, তায়েফের ওয়াদি জলিল এবং রাবিগ গভর্নরেটের মাসতুরাহ এলাকাতেও ধ্বংসাবশেষ পড়েছে।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না কিংবা কোনো স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ।
এর আগে শনিবার ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সামরিক জোট জানায়, হুতিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি রাজধানী রিয়াদ, তায়েফ ও ইয়ানবুর দিকে যাওয়ার সময় ধ্বংস করা হয়েছে। একই দিন ভোরে দেশটির পূর্বাঞ্চলে একটি ড্রোনও ভূপাতিত করা হয়।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবে হামলা জোরদার করেছে হুতিরা। বিমানবন্দর, জ্বালানি অবকাঠামো ও বেসামরিক স্থাপনাকে এসব হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। মক্কা ও মদিনার মতো ইসলামের গুরুত্বপূর্ণ পবিত্র স্থানেও হামলা চালিয়েছে গোষ্ঠীটি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গেল সপ্তাহে সৌদি আরবের জ্যেষ্ঠ আলেম পরিষদ এসব হামলার নিন্দা জানিয়ে একে মুসলমানদের বিরুদ্ধে গুরুতর আগ্রাসন বলে অভিহিত করে।
এমএ//