বগুড়ার ধুনটে পরকীয়া প্রেমের সন্দেহে মুন্নি খাতুন (৩৪) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে অভিযোগ উঠেছে তার স্বামী নুর সালামের (৩৮) বিরুদ্ধে। নিহত মুন্নি খাতুন শেরপুর উপজেলার মধ্যভাগ গ্রামের মুনজিল শেখের মেয়ে। আটক নুর সালাম ধুনট উপজেলার মথুরাপুর গ্রামের এশার আলীর ছেলে।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের মধুপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে নিশ্চিত করেছেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম।
স্থানীয়রা জানান, প্রায় ১৮ বছর আগে নুর সালামের সঙ্গে পারিবারিক ভাবে মুন্নি খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে মতবিরোধ চলছিল। দাম্পত্য জীবনে তাদের সংসারে জন্ম নেয় সাগর (১৫) ও সূর্য (৮) নামে দুই ছেলে সন্তান।
৩ বছর আগে মুন্নি খাতুন স্বামী সন্তান নিয়ে পাশের মধুপুর গ্রামের আলতাব হোসেনের মেয়ের জামাই আবু সাইদের বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। নুর সালাম তার স্ত্রী পরকিয়া করে এমন সন্দেহে মাঝে মধ্যেই ঝগড়াঝাটি করতো। এসব নিয়ে বৃহস্পতিবার রাতেও তারা ঝগড়া করে। পরদিন সকালেও স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটি করে নুর সালাম মথুরাপুর গ্রামে নিজ বাড়িতে যান। দুপুরের দিকে মুন্নি খাতুন বাড়ির উঠানে চুলায় রান্না করছিলেন। এ সময় নুর সালাম বাড়িতে ফিরে কৌশলে স্ত্রীকে ঘরের ভেতরে ডেকে নেন। সেখানে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে মুন্নি খাতুনকে হত্যা করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বারান্দার টিন কেটে ঘরে প্রবেশ করে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মুন্নি খাতুনের মরদেহ উদ্ধার করেন। এ সময় টয়লেটের ভেতর থেকে নুর সালামকে আটক করা হয়।
ওসি আতিকুল ইসলাম বলেন, আটক নুর সালামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতার প্রমাণ পাওয়া গেছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হবে।
এমজে/ এ