রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর সিটি পল্লী এলাকায় দুর্বৃত্তের গুলিতে মারুফ হোসেন ওরফে দুখু (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি একটি পাতিল তৈরির কারখানায় কাজ করতেন। মারুফ ধলপুর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে মারুফ ছিলেন সবার ছোট। তিনি এক বছর আগে বিয়ে করেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের স্ত্রী মীম বলেন, সন্ধ্যায় বাসার অদূরে সিটি পল্লীর মাঠে দুর্বৃত্তরা মারুফকে গুলি করে। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার স্বামীর সঙ্গে কারও বিরোধ ছিল না। কারা কী কারণে তাকে গুলি করে হত্যা করলো তিনি বুঝতে পারছেন না।
নিহতের খালাতো বোন বিথী আক্তার জানান, মারুফ সায়দাবাদ মালঞ্চ সেন্টারের পাশের গলিতে অ্যালুমিনিয়ামের হাড়ি–পাতিল তৈরির কারখানায় কাজ করতেন। আজ সন্ধ্যায় তিনি পেশাগত কাজ শেষে বাসায় ফেরেন। কিছুক্ষণ পর স্ত্রী মীমকে বলে আবার বাইরে যান। পরে স্বজনরা জানতে পারেন, ওয়াসা গেট এলাকায় মারুফ গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর বুকের ডান পাশে গুলি লেগেছিল।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।
আই/এ