রাজধানী

রাজধানীর যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ

রাজধানীর যাত্রাবাড়ী, মালিবাগ, আগারগাঁও , মহাখালী, গুলিস্তান ও বঙ্গবাজার এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে যাত্রাবাড়ী চৌরাস্তা পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণে ইবাদুর রহমান (২৬) নামে এক অটোরিকশাচালক আহত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল থেকে রাত ৮টার মধ্যে কয়েক ঘণ্টার ব্যবধানে এসব ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ রাজু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যা পৌনে ৮টার দিকে যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সন্ধ্যায় মহাখালী এলাকায় পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। প্রায় একই সময় আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবন সংলগ্ন এলাকায় সড়কের ওপর আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

শের-ই বাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, একটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। তবে ককটেল বা বোমা বিস্ফোরণের কোনও আলামত ঘটনাস্থলে পাওয়া যায়নি।

বনানী থানার পরিদর্শক (অপারেশন্স) এ কে এম মহিন উদ্দিন বলেন, সন্ধ্যার দিকে মহাখালীর আমতলী মোড়ে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। দুর্বৃত্তরা মহাখালী ফ্লাইওভার থেকে ককটেলটি ছুড়েছিল। তবে এতে কোনও হতাহতের তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলসহ আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

এছাড়া বিকেলে শাহজাহানপুর থানাধীন মালিবাগ রেলগেট সংলগ্ন প্রধান সড়কেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানায়, তিন তলা মালিবাগ ফ্লাইওভারের ওপর থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে। সেগুলো নিচের সড়কে বিস্ফোরিত হয়।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ককটেল