রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে এক সিএনজিচালিত অটোরিকশাচালক আহত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে দুটি ককটেল নিক্ষেপ করা হলে একটি বিস্ফোরিত হয়। অপরটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে স্মৃতি জাদুঘরের সামনের সড়কে দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়ে একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়ে। এতে চালক আহত হন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। আহত চালককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ঘটনাস্থলে পড়ে থাকা অপর ককটেলটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে ঢাকা মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। পরে সেটি নিষ্ক্রিয় করা হয়।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ঘটনাস্থলের আশপাশের বিভিন্ন স্থাপনায় থাকা ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
এসি//