জুলাই গণঅভ্যুত্থানের শহিদ ও যোদ্ধাদের স্মৃতিকে সংরক্ষণ এবং ২০২৪ সালের গণআন্দোলনের ইতিহাস তুলে ধরতে প্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ আগামীকাল বুধবার (৫ আগস্ট) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
সংস্কৃতি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার সকাল ৯টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখবেন। এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট সংরক্ষিত আলোকচিত্র, দলিলপত্র, নিদর্শন ও অন্যান্য প্রদর্শনী পরিদর্শন করবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা এবং শহিদ পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা তুলে ধরবেন। পাশাপাশি আন্দোলনের ঘটনাপ্রবাহ, গণমানুষের অংশগ্রহণ এবং বিজয়ের ইতিহাস নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।
সাংস্কৃতিক আয়োজনের অংশ হিসেবে দেশাত্মবোধক গান ও আবৃত্তির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, দেশপ্রেম এবং গণতান্ত্রিক মূল্যবোধ তুলে ধরা হবে। অনুষ্ঠানের সমাপনী পর্বে জাদুঘরের মহাপরিচালক অতিথি, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাবেন।
এমএ//