জাতীয়

রাজনৈতিক সহিংসতা সৃষ্টির উদ্দেশ্যে কেউ কেউ শ্রমিকদের ব্যবহার করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিক নন, এমন কিছু ব্যক্তি আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার দাবি, চলমান এই আন্দোলন শ্রমিকদের নয়; বরং রাজনৈতিক সহিংসতা সৃষ্টির উদ্দেশ্যে কেউ কেউ শ্রমিকদের ব্যবহার করছেন।

বুধবার (০৪ নভেম্বর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়া পর্যালোচনায় আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শ্রমিকদের জীবনমান উন্নয়নের বিষয়টি বিবেচনায় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন। সরকারের লক্ষ্য রপ্তানি বাড়ানো, দেশের অর্থনীতি সমৃদ্ধ করা, কর্মসংস্থান সৃষ্টি এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা।

তিনি বলেন, গত পরশু মালিকপক্ষ ও শ্রমিক নেতাদের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে। সেখানে সবাই স্বীকার করেছেন, এই আন্দোলন শ্রমিকদের নয়। বরং কেউ কেউ রাজনৈতিক সহিংসতা সৃষ্টির সুযোগ নিয়ে শ্রমিকদের ব্যবহার করার চেষ্টা করছেন। বিষয়টি সরকার বুঝতে পেরেছে এবং দেশবাসীও তা বুঝতে পেরেছে বলে আশা প্রকাশ করেন তিনি।

পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধৈর্য ধরার নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ না করতে বাহিনীগুলোকে বলা হয়েছে। 

তিনি বলেন, সংঘাতের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তারা কোনো শ্রমিকের গায়ে হাত দেননি। কারণ, কিছু রাজনৈতিক পক্ষ নিজেদের উদ্দেশ্য পূরণে শ্রমিকদের ব্যবহার করার চেষ্টা করছে।

শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরিস্থিতি বিবেচনায় নিয়ে শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে ফিরে যাবেন বলে তিনি আশা করেন। একই সঙ্গে কর্মসংস্থান ও শিল্প উৎপাদন যেন ব্যাহত না হয়, সে বিষয়েও শ্রমিকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

চলমান ঘটনাকে আন্দোলন বলতে চান না উল্লেখ করে তিনি বলেন, আন্দোলনের একটি ইতিবাচক অর্থ রয়েছে। রাজনৈতিক, পেশাজীবী কিংবা দাবি আদায়ের আন্দোলনের নির্দিষ্ট প্রক্রিয়া থাকে। এটি সে ধরনের আন্দোলন নয়।

মজুরি নির্ধারণের বিষয়ে তিনি জানান, মজুরি বোর্ডের কার্যক্রম শুরু হয়েছে। জীবনযাত্রার ব্যয় এবং আগের বেতন বৃদ্ধির প্রবণতা বিশ্লেষণ করে যৌক্তিক হারে মজুরি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #শ্রমিক আন্দোলন #সালাহউদ্দিন আহমদ #স্বরাষ্ট্রমন্ত্রী