জাতীয়

শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কোনো আন্দোলন এখন চলছে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কোনো আন্দোলন এখন চলছে না। শ্রমিকদের দাবি ছিল মজুরি বোর্ড গঠনের, সেটি গঠন করা হয়েছে। যারা এখন সহিংস আন্দোলন করছে তাদের উদ্দেশ্য ভিন্ন।

সোমবার (২ নভেম্বর) বিকেলে চলমান পরিস্থিতিতে সচিবালয়ে গার্মেন্টস শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন যারা আন্দোলনের নামে সহিংসতা করছে, তাদের ভিন্ন উদ্দেশ্য আছে।  মজুরি বোর্ডের জন্য শ্রমিকরা কখনও সড়ক-মহাসড়ক অবরোধ করেনি। আমরা দেখেছি মুখোশধারী যারা গ্রেফতার হয়েছে, তারা ওখানে রাজনৈতিক স্লোগান দিয়েছে।

তিনি বলেন, ভিডিও ফুটেজ দেখে ইতোমধ্যে অনেককের শনাক্ত করা গেছে। তারা ফ্যাসিবাদের রাজনীতির সাথে জড়িত। শ্রমিক নেতারা কোন আন্দোলন বা ধর্মঘট ডাকেনি। তদন্ত করে গ্রেপ্তার প্রকৃত শ্রমিকদের দ্রুতই মুক্তির ব্যবস্থা করা হবে।

সভায় উপস্থিত শ্রমিক নেতা বাবুল আখতার উস্কানি উপেক্ষা করে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানান।

এর আগে, সোমবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন গার্মেন্টস মালিক নেতারা। ওই বৈঠক শেষে ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, সব পক্ষের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে সুনির্দিষ্ট সময়ের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে।

আই/এ

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #স্বরাষ্ট্রমন্ত্রী