জাতীয়

কর্মজীবনে ছাত্রজীবনের রাজনৈতিক প্রভাব চলবে না: স্বরাষ্টমন্ত্রী

বায়ান্ন প্রতিবেদন

কর্মকর্তাদের ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে চাকরিজীবনে এর কোনো প্রভাব থাকা চলবে না। সরকারি দায়িত্ব পালনের সময় রাজনৈতিক পরিচয় বা প্রভাব কাজে লাগানো যাবে না বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (০১ নভেম্বর)  বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ৪৫তম বিসিএস (পুলিশ) ও বিসিএস (আনসার) ক্যাডারে নব-যোগদান করা কর্মকর্তাদের ব্রিফিং ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

নবনিযুক্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুপিরিয়র সার্ভিসে আপনাদের প্রধানতম দায়িত্ব হলো রাষ্ট্রের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ মর্যদাপূর্ণ রাখা এবং এর মাধ্যমে দেশের সব কার্যক্রম সুষ্ঠোভাবে সম্পন্ন করার অনুকূল পরিবেশ নিশ্চিত করা।

তিনি আরও বলেন, পুলিশ বাহিনীর ভাবমূর্তি রক্ষা করতে হবে। কোনো অবস্থাতেই ক্ষমতার অপব্যবহার করা যাবে না।

স্বরাষ্টমন্ত্রী কঠোর নির্দেশনা দিয়ে বলেন, চাকরিজীবনে সব সময় শৃঙ্খলা ও সরকারি চাকরির বিধিমালা মেনে চলতে হবে। পাশাপাশি জ্যেষ্ঠ কর্মকর্তাদের আইনসম্মত নির্দেশনা অনুসরণ করতে হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইজিপি (ইনচার্জ) ও অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

উল্লেখ্য, ৪৫তম বিসিএস পরীক্ষায় বিসিএস (পুলিশ) ক্যাডারে ৮০ জন এবং বিসিএস (আনসার) ক্যাডারে ২৫ জন কর্মকর্তা সুপারিশপ্রাপ্ত হন এবং পরবর্তী সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রজ্ঞাপন জারির পর আজ (১ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিসিএস (পুলিশ) ক্যাডারে ৬৫ জন এবং বিসিএস (আনসার) ক্যাডারে ১৯ জন কর্মকর্তা যোগদান করেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন #স্বরাষ্ট্রমন্ত্রী #সালাহউদ্দিন আহমদ