রাজধানী

চালু হলো মেট্রোরেলের বন্ধ ৩ স্টেশন

ছবি: ফাইল ছবি

মেট্রোরেলের বন্ধ থাকা তিনটি স্টেশন আবার চালু হয়েছে। এর ফলে বর্তমানে মেট্রোরেলের সব স্টেশনেই ট্রেন চলাচল করছে। এমআরটি পুলিশ কন্ট্রোলরুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে রোববার (০১ নভেম্বর) দুপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের জেরে রাজধানীর পল্লবী, মিরপুর-১১ ও মিরপুর-১০ স্টেশনের কার্যক্রম বন্ধ রাখা হয়।

মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে এদিন সকাল ৯টার দিকে বিভিন্ন পোশাক কারখানার শতাধিক শ্রমিক সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। এতে মিরপুর এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

একপর্যায়ে শ্রমিকদের বিক্ষোভ সংঘর্ষে রূপ নেয়। পুলিশের সঙ্গে তাদের কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেলা ১১টার দিকে মিরপুর-১০ এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ।

এ সময় শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করেন এবং পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। প্রায় ৪০ মিনিট ধরে সংঘর্ষ চলার পর মিরপুর এলাকার নিয়ন্ত্রণ নেয় পুলিশ।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #মেট্রোরেল #ঢাকা মেট্রোরেল