জাতীয়

তাহসিফ সুরির মৃত্যু, তদন্তের আগে মন্তব্য নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সুরির (২৮) লাশ তুরাগ নদ থেকে উদ্ধারের ঘটনায় তদন্তের আগে কোনও মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘প্রাথমিক তদন্ত ও লাশের ময়নাতদন্তের পর বিস্তারিত জেনে এ বিষয়ে কথা বলবেন।’

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে শিক্ষা নবিশ পুলিশ কর্মকর্তাদের সমাপনী অনুষ্ঠান শেষে  এ কথা বলেন তিনি।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশের সঙ্গে তাহসিফের মৃত্যুর কোনও যোগসূত্র আছে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি এই বিষয়ে এখন কোনও কথা বলতে চাচ্ছি না। কারণ, একটা প্রাথমিক তদন্ত হতে হবে আর লাশের ময়নাতদন্ত হচ্ছে। তারপর আমরা সব বিষয় জেনে কথা বলবো।’

এ সময় এ ঘটনায় পাশের দেশের গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতার আশঙ্কার কথা তুলে ধরে প্রশ্ন করা হলে তখনও স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি সবকিছু জেনে তারপরে কথা বলব।”

প্রসঙ্গত, গত বুধবার বিকালে তুরাগ নদ থেকে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা তাহসিফ সুরির মরদেহ উদ্ধার করে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #স্বরাষ্ট্রমন্ত্রী