জাতীয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রতিমন্ত্রীর

বায়ান্ন প্রতিবেদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সব পাঠ্যবই আগামী ৫ নভেম্বরের মধ্যে সরবরাহ শেষ করার নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সঙ্গে বই মুদ্রণের নির্ধারিত মান বজায় রাখার ওপর জোর দিয়ে তিনি সতর্ক করেছেন, আগামী বছর থেকে পুরোনো যন্ত্রে মুদ্রণকাজ করা প্রতিষ্ঠানকে আর কাজ দেওয়া হবে না।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর মাতুয়াইলে বর্ণমালা প্রেস ও গ্লোবাল প্রিন্টিং ইকুইপমেন্ট পরিদর্শনে গিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এসব নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।

পরিদর্শনকালে তিনি বই মুদ্রণের বিভিন্ন ধাপ, ব্যবহৃত যন্ত্রপাতি, কাগজের মান এবং ছাপার গুণগত দিক সরেজমিনে পর্যালোচনা করেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, “পাঠ্যবই মুদ্রণের দায়িত্ব নেওয়ার অর্থ নির্ধারিত মান বজায় রেখে কাজ সম্পন্ন করা। কাজের ক্ষেত্রে কোনো ধরনের সীমাবদ্ধতা থাকলে তা দরপত্রে অংশগ্রহণের আগেই বিবেচনায় নেওয়া উচিত।”

তিনি আরও বলেন, মুদ্রণযন্ত্রের সক্ষমতা কিংবা কারিগরি সীমাবদ্ধতার অজুহাতে বইয়ের মানের সঙ্গে কোনোভাবেই আপস করা যাবে না। সরকার যে মান বজায় রেখে বই ছাপার দায়িত্ব দিয়েছে, তা শতভাগ নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে।

বইয়ের ছাপার মান পরীক্ষা করতে গিয়ে কয়েকটি বইয়ে রঙের বিন্যাস ও সামঞ্জস্যে ত্রুটি দেখতে পান ববি হাজ্জাজ। এ ধরনের ত্রুটি যাতে বিপুলসংখ্যক বইয়ে ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেন তিনি। পাশাপাশি মুদ্রণকাজের মান যাচাই ও তদারকি আরও জোরদার করার নির্দেশ দেন।

প্রতিমন্ত্রী বলেন, শুধু মুদ্রণকাজ শেষ করলেই দায়িত্ব শেষ হবে না। প্রতিটি বই নির্ধারিত মানদণ্ড মেনে ছাপা হয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের হাতে মানসম্মত পাঠ্যবই পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব। এ ক্ষেত্রে অবহেলা কিংবা নিম্নমানের কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

নির্ধারিত সময়ের মধ্যে সব বই সরবরাহের পাশাপাশি আগামী বছর থেকে আধুনিক ও পর্যাপ্ত সক্ষমতাসম্পন্ন মুদ্রণযন্ত্র ব্যবহারের প্রস্তুতি নিতেও প্রতিষ্ঠানগুলোকে তাগিদ দেন তিনি।

পরিদর্শনকালে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট মুদ্রণ প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ববি হাজ্জাজ #প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়