প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দেশের প্রাথমিক শিক্ষার্থীদের শেখার সুযোগ আরও সম্প্রসারিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন।
তিনি আরও বলেন, বিশেষ করে ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষা-উপকরণের কার্যকর ব্যবহার শিক্ষার্থীদের ভাষা ও মৌলিক দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
নিউইয়র্কের স্থানীয় সময় গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জাতিসংঘ সদর দপ্তরে ইউনিসেফের বৈশ্বিক শিক্ষা পরিচালক পিয়া রেবেলো ব্রিট্টোর সঙ্গে বৈঠককালে এসব মন্তব্য করেন।
অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষাপ্রযুক্তি (এডটেক) ও গুগল সংযোগ, ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে কীভাবে শিক্ষার্থীদের শেখার ফলাফল উন্নত করা যায় এবং শিক্ষক ও শিক্ষা প্রশাসনের সক্ষমতা বাড়ানো যায়, সে বিষয়ে মতবিনিময় করেন তারা।
দেশের প্রতিবন্ধী শিশুদের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক, সমতাভিত্তিক ও সহজপ্রাপ্য শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। কোনো শিশু যেন শারীরিক বা অন্য কোনো প্রতিবন্ধকতার কারণে মানসম্মত প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত না হয়, এ লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে পিয়া রেবেলো ব্রিট্টো এসব ক্ষেত্রে বাংলাদেশের উদ্যোগের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলার আশ্বাস দেন। প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে প্রতিটি শিশুর জন্য মানসম্মত, সমতাভিত্তিক ও ভবিষ্যতমুখী শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে ইউনিসেফ বাংলাদেশের পাশে থাকবে বলেও তিনি জানান।
আর/আই