দেশজুড়ে

সিল্কসিটি এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী রেলস্টেশনে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় বিভিন্ন স্টেশনে একাধিক যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (০৪ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, সকাল প্রায় ১০টা ৫৫ মিনিটে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস শহীদ এম মনসুর আলী স্টেশনে পৌঁছালে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। চালক দ্রুত ট্রেনটির গতি নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার বলেন, বগি লাইনচ্যুত হওয়ার কারণে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের পাশাপাশি দক্ষিণাঞ্চলেরও রেল চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন অপেক্ষমাণ অবস্থায় আছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, লাইনচ্যুত বগি উদ্ধারে উদ্ধারকারী দল কাজ করছে। উদ্ধার অভিযান শেষ করে রেললাইন সচল করা হলে ধাপে ধাপে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #সিরাজগঞ্জ #ট্রেন #সিল্কসিটি এক্সপ্রেস #ট্রেন লাইনচ্যুত