জাতীয় edit this post

বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বায়ান্ন প্রতিবেদন

একদিনের সরকারি সফরে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে মোংলার উদ্দেশে যাত্রা করেন তিনি। এর আগে সকাল ৮টা ৪৫ মিনিটে গুলশানের বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

সফরে মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এ ছাড়া ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে বিনিয়োগ সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের কর্মসূচি রয়েছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, মোংলায় দুটি কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বাগেরহাট জেলা সদরে হজরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী।

পরে সড়কপথে খুলনায় গিয়ে বিকেল ৩টায় জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর কেন্দ্রীয় উদ্বোধন করবেন তিনি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে এ প্রতিযোগিতার সূচনা করা হবে।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে খুলনা ও বাগেরহাটে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে দুই জেলায় তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

দিনের কর্মসূচি শেষে বিকেলেই হেলিকপ্টারে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী। দুই সপ্তাহের ব্যবধানে মোংলায় এটি তার দ্বিতীয় সফর। এ সফরকে কেন্দ্র করে মোংলা বন্দর ঘিরে বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়নে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে।

এ সম্পর্কিত আরও পড়ুন #তারেক রহমান #বাগেরহাট #মোংলা