গোপালগঞ্জের মুকসুদপুরে একের পর এক ১৫টি যানবাহনের সংঘর্ষে শতাধিক যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন গণোমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে।
তিনি জানান, প্রথমে একটি প্রাইভেটকারের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর পেছন থেকে আসা বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইকসহ মোট ১৫টি যানবাহনের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে শতাধিক যাত্রী আহত হন।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন।
দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়া হলে সড়কে চলাচল স্বাভাবিক হয়।
এমএ//