দেশজুড়ে

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠা মিছিল, পুলিশের গাড়িতে আগুন

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দেশব্যাপী ছাত্রধর্মঘটকে কেন্দ্র করে লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।  

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।

উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিপুলসংখ্যক নেতাকর্মী লগি-বৈঠা নিয়ে সেখানে সমবেত হন। পরে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও বিক্ষোভে অংশ নেন। পরে লগি-বৈঠা হাতে এলাকায় মিছিল বের করেন বিক্ষোভকারীরা। 

পুলিশ বিক্ষোভকারীদের বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। সংঘর্ষ চলাকালে বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। 

পরে লগি-বৈঠা হাতে বিপুলসংখ্যক বিক্ষোভকারী টুঙ্গিপাড়া মোড় ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে তাদের কর্মসূচি চালিয়ে যান।

বিক্ষোভ ও সংঘর্ষের কারণে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা ধরে সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা বাড়ানো হয়। পাশাপাশি গোপালগঞ্জ থেকে অতিরিক্ত সদস্য পাঠানো হয়।

এর আগে ছাত্রধর্মঘটকে কেন্দ্র করে সোমবার রাতেও গোপালগঞ্জের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটে। এ সময় শহরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়। নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের এসব কর্মকাণ্ডে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে একই রাতে শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন স্লোগান দেন তারা। অন্যদিকে কোটালীপাড়া উপজেলায় মশাল মিছিলের পাশাপাশি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

জেলার পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহ জানান, রাতের ঘটনার জেরে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৫টি অবিস্ফোরিত ককটেল ও সাতটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। 

তিনি জানান, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে টুঙ্গিপাড়ায় সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তেজনা বিরাজ করছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন #গোপালগঞ্জ #লগি-বৈঠা বিক্ষোভ #ছাত্রলীগ