দেশজুড়ে edit this post

ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

ছবি: এআই ছবি

গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনার পর পেছন থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি চাপায় স্বামী-স্ত্রী ও তাদের শিশুসন্তানের মৃত্যু হয়েছে। 

বুধবার (১১ নভেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফ্লাইওভারটিতে এ দুর্ঘটনা ঘটে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন মো. মামুন হোসেন আশরাফুল, তার স্ত্রী ও শিশুপুত্র। আশরাফুল গাজীপুরের কোনাবাড়ী এলাকার দেওলিয়াবাড়ি গ্রামের নজরুল হোসেন মোফাজ্জলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনজন একটি মোটরসাইকেলে করে কোনাবাড়ী থেকে চন্দ্রার দিকে যাচ্ছিলেন। পথে সফিপুর ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি যানবাহন তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে নাওজোর হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ তিনটি উদ্ধার করে। পরে নিহত আশরাফুলের জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।

ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল থেকে পড়ে যাওয়ার পর কোনো ট্রাক বা বাস তাদের চাপা দেয়। তবে কোন যানবাহনটি এ দুর্ঘটনার জন্য দায়ী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট যানবাহনটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন #গাজীপুর #সফিপুর ফ্লাইওভার #মোটরসাইকেল দুর্ঘটনা