কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সংসদ ভবনে বিক্ষোভ শুরু করে। এর পরপরই তাকে হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্তের কথা জানানো হয়।
দেশটির সংসদবিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী বলেন, কারাবন্দি ইমরান খানের স্বাস্থ্যগত পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে বিশেষায়িত হাসপাতালে নেওয়া হবে। চক্ষু বিশেষজ্ঞসহ প্রয়োজনীয় চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা নিশ্চিত করা হবে। এ উদ্দেশ্যে একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, স্বাস্থ্যের মতো সংবেদনশীল বিষয় নিয়ে রাজনীতি করা উচিত নয়। ইমরান খানের অসুস্থতা নিয়ে ভিত্তিহীন প্রচারণা বা রাজনৈতিক ফায়দা নেওয়া সমীচীন নয়। সরকার দায়িত্বশীলভাবেই বিষয়টি দেখবে।
তবে পিটিআই নেতারা জানিয়েছেন, পরিবার ও ব্যক্তিগত চিকিৎসকদের পূর্বানুমতি ছাড়া ইমরান খানকে অন্য কোনো হাসপাতালে স্থানান্তর করার সিদ্ধান্ত তারা মেনে নেবেন না।
এমএ//