খেলাধুলা

বিসিবির সাবেক সভাপতি এবার পাকিস্তানের ক্রিকেটে নতুন ভূমিকায়

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন, দেশের ক্রিকেট প্রশাসনের সর্বোচ্চ পদেও ছিলেন। এবার দেশের গণ্ডি পেরিয়ে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক অধিনায়ক ও বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সের হাই পারফরম্যান্স কেন্দ্রগুলোর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুলবুলকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স।

দলটির ক্রিকেটারদের দক্ষতা বাড়ানো, কোচিং কার্যক্রম পরিচালনা এবং তরুণ প্রতিভাদের বিকাশে কাজ করবেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। ক্রিকেট উন্নয়নে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলটির প্রশিক্ষণ ও খেলোয়াড় তৈরির কার্যক্রম আরও এগিয়ে নিতে চায় লাহোর কালান্দার্স।

বিসিবির সভাপতির দায়িত্ব নেওয়ার আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ক্রিকেট উন্নয়ন বিভাগে দীর্ঘদিন কাজ করেছেন বুলবুল। ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত সংস্থাটির এশিয়া অঞ্চলের ক্রিকেট উন্নয়ন ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। একই সময়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ক্রিকেট উন্নয়ন কর্মকর্তার দায়িত্বও সামলেছেন। লাহোর কালান্দার্স মূলত তাঁর এই আন্তর্জাতিক অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চায়।

তবে বুলবুলের নতুন দায়িত্বের খবরের সঙ্গে আলোচনায় আসছে তাঁর বিসিবি সভাপতি থাকাকালীন সময়ের কিছু বিতর্কও। তাঁর নেতৃত্বাধীন বোর্ডের সময় ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করে বাংলাদেশ। এ সিদ্ধান্ত নিয়ে তখন থেকেই সমালোচনা রয়েছে।

এ ছাড়া বিসিবি সভাপতি থাকাকালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বুলবুলের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টিও আলোচনায় ছিল।

খেলোয়াড় হিসেবে বাংলাদেশের ক্রিকেটে বুলবুলের অবদানও উল্লেখযোগ্য। ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন তিনি। ১৯৯৯ সালের ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন। দেশের অভিষেক টেস্টেও ইতিহাস গড়েন এই ডানহাতি ব্যাটার। ২০০০ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টে সেঞ্চুরি করে নিজের নাম লেখান ইতিহাসের পাতায়।

এবার সেই অভিজ্ঞতাই পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কাজে লাগানোর সুযোগ পাচ্ছেন বুলবুল। খেলোয়াড়, অধিনায়ক ও ক্রিকেট প্রশাসক হিসেবে দীর্ঘ পথ পেরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন ভূমিকায় দেখা যাবে বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে।

এ সম্পর্কিত আরও পড়ুন #পাকিস্তান #ক্রিকেট #বিসিবি #আমিনুল ইসলাম বুলবুল