পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বন্দুকধারীদের হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। আরও বহু মানুষকে অপহরণ করা হয়েছে। হামলার ঘটনা ঘটেছে নাইজার রাজ্যের বোরগু এলাকায়, শনিবার (১৪ ফেব্রুয়ারি) খবর পাওয়া গেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজিজা জানিয়েছে, নাইজেরিয়ার উত্তরাঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল ছাড়াও একাধিক গ্যাং সক্রিয় রয়েছে, যারা অর্থের জন্য মানুষ অপহরণ করে।
নাইজার রাজ্য পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিউদুন জানান, সন্দেহভাজন ডাকাতরা তুঙ্গা-মাকেরি গ্রামে হামলা চালায়। এতে ছয় পুলিশ সদস্য নিহত হন, অনেক বাড়ি পুড়ে যায় এবং অসংখ্য মানুষকে অপহরণ করা হয়েছে।
হামলাকারীরা পরবর্তীভাবে কনকোসো গ্রামে যায় এবং সেখানে নতুন করে আক্রমণ চালায়। স্থানীয় বাসিন্দা জেরেমিয়াহ তিমোথি জানিয়েছেন, ভোরে বিক্ষিপ্ত গুলির মাধ্যমে হামলা শুরু হয় এবং গ্রামে ২৬ জন নিহত হয়। হামলাকারীরা থানায় আগুন ধরিয়ে দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সূত্র এএফপিকে জানিয়েছেন, কনকোসোতে নিহতের সংখ্যা ৩৮, যাদের গুলি করে বা গলা কেটে হত্যা করা হয়েছে। এছাড়া, গ্রামে প্রায় সব বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে পার্শ্ববর্তী কাওয়ারা ও কাতসিনা রাজ্যে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছিল।
এমএ//