চাঁদা না পেয়ে রাজধানীর রামপুরায় একটি ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানে ঢুকে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ‘স্পিড টাচ নেটওয়ার্ক অ্যান্ড টেকনোলজি’ নামক প্রতিষ্ঠানটির দুই কর্মী সাজু আহমেদ রুবেল (২৮) ও হাবিব (২৭) আহত হয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় রামপুরার ওয়াপদা রোডে তাকওয়া মসজিদের ওই প্রতিষ্ঠানের ভেতরে এ ঘটনা ঘটে। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন হাবিব জানিয়েছেন, হামলাকারীদের একজন বলেন, ‘টাকা দিলি না কেন?’ আরেকজন বলেন, ‘এখানে ব্যবসা করা যাবে না’। তাদের মধ্যে দুজনের মুখে মাস্ক ও মাথায় ক্যাপ ছিল।
প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক অপারেশন ইনচার্জ বন্দন কুমার সাহা বলেন, ১৫-২০ দিন আগে গুজা বাদশা ও জনি মোবাইল ফোনে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। চাঁদা না দিলে ওই এলাকায় ব্যবসা করতে দেওয়া হবে না বলেও তারা হুমকি দিয়েছিলেন। আজ সন্ধ্যায় চার-পাঁচ জন যুবক প্রতিষ্ঠানে ঢুকে গুলি চালায়।
ওসি জাহাঙ্গীর আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
আই/এ