অর্থনীতি

স্বর্ণের দামে বড় পতন!

বায়ান্ন প্রতিবেদন

কখনো বাড়ছে, কখনো কমছে স্বর্ণের দাম। তবে দেশের বাজারে টানা পাঁচ দফা কমেছে মূল্যবান এই ধাতুর দাম। সবশেষ শনিবার (১৪ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম আরও ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে পাঁচ দফায় প্রতি ভরিতে স্বর্ণের দাম কমল ১২ হাজার ৭২ টাকা।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, রোববার (১৫ নভেম্বর) দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকায়। ভ্যাটসহ ১১ দশমিক ৬৬৪ গ্রাম ওজনের প্রতি ভরির এই দাম নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।

এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছিল বাজুস। তখন দাম নেমে আসে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়। একই সময়ে ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।

এ ছাড়া ১২ নভেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়। এর আগের দিন ১১ নভেম্বর দাম কমানো হয়েছিল ২ হাজার ৭৪১ টাকা। তখন প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়ায় ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এর আগে ৬ নভেম্বরও একই পরিমাণ দাম কমিয়েছিল বাজুস।

সব মিলিয়ে পাঁচ দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা থেকে কমে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকায় নেমে এসেছে।

বাজুসের সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নির্ধারিত দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এ ছাড়া নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলঙ্কার বিনিময় ও কেনার ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #স্বর্ণ #বাজুস