অর্থনীতি

টানা ৫ দফায় দেশের বাজারে কমল স্বর্ণের দাম

টানা পঞ্চম দফায় দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমেছে। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৫ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর আগের চার দফায় দাম কমার পর নতুন সিদ্ধান্তে টানা পাঁচ দফায় মোট ১২ হাজার ৭৩ টাকা কমল স্বর্ণের দাম।

শনিবার সকালে (১৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণের নতুন দাম নির্ধারণের কথা জানায় বাজুস। ঘোষিত দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৫৯৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯৯ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ১ হাজার ৫১৬ টাকা কমে হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।

অন্যদিকে, স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। তবে অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বর্ণ ও রৌপ্য অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।

এর আগে গেল ১৩ নভেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করেছিল বাজুস।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #বাজুস #বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন #স্বর্ণ #স্বর্ণের দাম