ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) রাতে বিশেষ সাড়া প্রদান ইউনিট, কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম রেঞ্জ অফিস সূত্রে জানা গেছে, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর গত মঙ্গলবার পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে তলব করেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক মো. আব্দুল কুদ্দুস চৌধুরী। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একই দিন তার ব্যক্তিগত ও দাপ্তরিক মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় পাঠানো হয়।
২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন ২৮তম ব্যাচের কর্মকর্তা জাহাঙ্গীর আলম। তার বিরুদ্ধে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অপারেশনস) সফিজুল ইসলামের নেতৃত্বে বিভাগীয় তদন্ত চলছে।
এদিকে, গ্রেপ্তার পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দায়ের করা মামলাটি পুলিশের বিশেষ সাড়া প্রদান ইউনিট অথবা কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত করবে বলে জানানো হয়েছে।
এসি//