বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমানোর সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা। নতুন দাম সকাল ৯টা ৩০ মিনিট থেকে কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ডের দাম কমার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দামের মধ্যে ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৩ হাজার ৯৫৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৭৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৭১ হাজার ১১১ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস আরও জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি কিছুটা পরিবর্তিত হতে পারে।
এর আগে, ১৭ ফেব্রুয়ারি সকালে বাজুস ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা নির্ধারণ করেছিল। ২১ ক্যারেটের প্রতি ভরি দাম ছিল ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৩০ বার সমন্বয় করা হয়েছে; যার মধ্যে ১৮ বার দাম বাড়ানো হয়েছে এবং ১২ বার কমানো হয়েছে। ২০২৫ সালে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল ৯৩ বার, যেখানে ৬৪ বার দাম বৃদ্ধি ও ২৯ বার দাম কমানো হয়েছিল।
অপরদিকে, দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ৩৫৭ টাকায়। ২১ ক্যারেট প্রতি ভরি ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতি প্রতি ভরি ৩ হাজার ৯০৭ টাকায় বেচাকেনা হচ্ছে।
চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ১৭ দফা সমন্বয় করা হয়েছে, যেখানে ১০ দফা বাড়ানো এবং ৭ দফা কমানো হয়েছে। ২০২৫ সালে রুপার দাম ১৩ বার সমন্বয় করা হয়েছিল; যার মধ্যে ১০ বার বেড়েছিল এবং ৩ বার কমানো হয়েছিল।
এসি//