দেশজুড়ে

অনুপ্রবেশের দায়ে ২ ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক

কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী বালারহাট এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের অপরাধে ২ ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি যুবককে আটক করেছে পুলিশ। এ সময় বাংলদেশি যুবকের কাছ থেকে ইয়াবা উদ্ধার করে পুলিশ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি বালারহাট এলাকা থেকে তাদের আটক করা হয়। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটককৃত দুই ভারতীয় নাগরিক হলেন আখিরুল খন্দকার (২২), তিনি ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার নট্টবাড়ী এলাকার সাঈদ খন্দকারের ছেলেঅপর ভারতীয় একই জেলার ফারুক মিয়া (২২)। তিনি সাহেবগঞ্জ থানার কিশামত করলা এলাকার জমির আলীর ছেলে।  বাংলাদেশি যুবক আয়নাল হক (২৬) এর বাড়ি ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তঘেষা খলিশাকোঠাল এলাকায়। তিনি ওই এলাকার মনসের আলীর ছেলে।

আটক দুই ভারতীয় নাগরিক বিজিবির কাছে হস্তান্তর করা হবে এবং অপর এক বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলমান রয়েছে।

লালমনিরহাট -১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, আটক দুই ভারতীয় নাগরিককে আটকের বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে। রাতের মধ্যেই তাদেরকে বিএসএফের কাছে হস্তান্তর করা হবে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #কুড়িগ্রাম