দেশজুড়ে

অ্যাম্বুলেন্সের ধাক্কায় আহত মাদ্রাসা ছাত্রের মৃত্যু

কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শাহীন আলম (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) রাত ১২টা ১৫ মিনিটের দিকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে মারা যায় সে।

নিহত শাহীন ফুলবাড়ী সদর ইউনিয়নের কুঠিরচন্দ্রখানা নাখারজান গ্রামের কাশেম আলীর ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

সহপাঠীদের বরাতে জানা যায়, ঘটনার দিন কয়েকজন বন্ধুর সঙ্গে সাইকেলে করে গঙ্গারহাট বাজার থেকে বাড়ি ফিরছিল শাহীন। পথে গঙ্গারহাট মোহরটারী হাফিজিয়া মাদ্রাসার কাছে একটি অ্যাম্বুলেন্স অটোরিকশাকে ওভারটেক করার সময় তার সাইকেলে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় সে। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটি দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যায় বলে অভিযোগ করেছে তার সহপাঠীরা।

পরে বন্ধুরা শাহীনকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়। পরে ডক্টরস ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #কুড়িগ্রাম #মাদ্রাসা ছাত্রের মৃত্যু