ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে নতুন করে শক্তিশালী বিমান হামলা চালিয়েছে ইসরাইল। সোমবার (০২ মার্চ) ভোরে অভিযান চালানোর বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা তাদের লাইভ আপডেটে এ তথ্য প্রকাশ করে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক বার্তায় আইডিএফ জানায়, সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইসরাইলি বিমানবাহিনী তেহরানের প্রাণকেন্দ্রে ইরানি শাসকগোষ্ঠীর নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নতুন দফায় হামলা শুরু করেছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র দাবি করেছে, সাম্প্রতিক বিমান অভিযানে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের সদর দপ্তর ধ্বংস করা হয়েছে।
মার্কিন সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানায়, বিশ্বে সবচেয়ে শক্তিশালী সামরিক সক্ষমতা যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে এবং এ অভিযানের পর বিপ্লবী গার্ডের আর কোনো কার্যকর সদর দপ্তর অবশিষ্ট নেই।
বিবৃতিতে আরও বলা হয়, গত ৪৭ বছরে ইরানের বিপ্লবী গার্ড এক হাজারের বেশি মার্কিন নাগরিককে হত্যা করেছে। গতকাল যুক্তরাষ্ট্রের একটি বৃহৎ হামলায় সেই হাত কেটে ফেলা হয়েছে।
এসি//