ইরানের বিপ্লবী গার্ডের একজন জেনারেল হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস পরিবহন রুট হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে চাওয়া যে কোনো জাহাজকে তারা “আগুনে পুড়িয়ে দেবে”।
সোমবার (০২ মার্চ ) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ ঘোষণা দেয় আইআরজিসি।
আইআরজিসির কমান্ডার–ইন–চিফের সিনিয়র উপদেষ্টা ইব্রাহিম জাবারি বলেন, প্রণালীটি বন্ধ। কেউ অতিক্রমের চেষ্টা করলে বিপ্লবী গার্ড ও নিয়মিত নৌবাহিনী সেই জাহাজে আগুন ধরিয়ে দিবে। তেল পাইপলাইনেও হামলা চালানো হবে এবং এই অঞ্চল থেকে এক ফোঁটা তেলও বের হতে দেয়া হবে না।
আইআরজিসির টেলিগ্রাম চ্যানালে প্রকাশিত বার্তায় তিনি দাবি করেন, আগামী দিনে তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলারে পৌঁছাতে পারে।
ইরানের আধা–সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জাবারির উদ্ধৃতি দিয়ে জানায়, যুক্তরাষ্ট্র এই অঞ্চলের জ্বালানির ওপর নির্ভরশীল হলেও তাদের কাছে তেল পৌঁছাতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ বোমা হামলার প্রতিশোধ হিসেবেই তেহরান এ পদক্ষেপ নিয়েছে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তার নিহত হওয়ার দাবি করা হয়েছে।
উল্লেখ্য, ইরান ও ওমানের মধ্যবর্তী হরমুজ প্রণালী বিশ্ব তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। বৈশ্বিক সরবরাহের প্রায় ২০ শতাংশ তেল এই পথ দিয়ে যাতায়াত করে। প্রণালী বন্ধের ঘোষণার পরই আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়তে শুরু করেছে। বিশ্লেষকদের আশঙ্কা, ট্যাঙ্কার চলাচল ব্যাহত হলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের সরবরাহ সংকট তৈরি হতে পারে।
সূত্র: আল জাজিরা
এসি//