সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০৩ মার্চ) ভোরে দূতাবাস চত্বরে দুটি ড্রোন আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। সীমিত অবকাঠামোগত ক্ষতি হয়েছে এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
এর আগে বার্তাসংস্থা রয়টার্স জানায়, একটি শক্তিশালী বিস্ফোরণের পর দূতাবাস ভবনে আগুনের সূত্রপাত ঘটে।
একই সময়ে এএফপিকে প্রত্যক্ষদর্শীরা জানান, তারা জোরালো বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং কিছুক্ষণ পর ধোঁয়া উঠতে দেখেন।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী দুটি ড্রোনের মাধ্যমে হামলাটি চালানো হয়। এতে অল্প সময়ের জন্য আগুন লাগে এবং ভবনের কিছু অংশে সীমিত ক্ষতি হয়।
এদিকে রিয়াদের কূটনৈতিক কোয়ার্টার যেখানে বিভিন্ন দেশের দূতাবাস ও কূটনীতিকদের আবাসন রয়েছে সেখানে বিস্ফোরণের পর ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা জানান, তিনি পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনেন এবং এরপরই ধোঁয়া উঠতে দেখেন।
ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলার উৎস ও দায়ীদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে সৌদি কর্তৃপক্ষ।
এসি//