আন্তর্জাতিক

ইসরাইলে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

তেহরানে দফায় দফায় ইসরাইলি বিমান হামলার জবাবে ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে নতুন করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। 

মঙ্গলবার (০৩ মার্চ) ইরান থেকে ইসরাইলের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। 

অন্যদিকে, আল হাদাথ টেলিভিশনের বরাতে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘তাস’ জানায়, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর প্রধান লক্ষ্য ছিল ইসরাইলের সবচেয়ে জনবহুল শহর তেল আবিব এবং দেশটির দক্ষিণাঞ্চল। আকাশজুড়ে ক্ষেপণাস্ত্রের আগুনের রেখা এবং সতর্কতা সাইরেনের শব্দে দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলো রাডারে শনাক্ত করা হয়েছে এবং সেগুলো প্রতিহত করতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে। তবে কতগুলো ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা গেছে কিংবা সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ কত—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার থেকে ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলার পরিপ্রেক্ষিতেই তেহরান এই কঠোর পদক্ষেপ নিয়েছে। এর আগে ইরান হুঁশিয়ারি দিয়েছিল যে, তাদের ওপর হামলা হলে তার দাঁতভাঙা জবাব দেয়া হবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #তেহরান #ইরান #ইসরাইল #ক্ষেপণাস্ত্র হামলা #ব্যালিস্টিক