আন্তর্জাতিক

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের গুলিতে দুই ইসরাইলি সেনা নিহত

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরের কাছে একটি সামরিক চেকপোস্টে বন্দুক হামলায় ইসরাইলের দুই সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। পরে ইসরাইলি সেনাদের গুলিতে হামলাকারী দুই ফিলিস্তিনিও নিহত হন।

শুক্রবার (২৩ অক্টোবর) ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকালে শুরু হওয়া বন্দুকযুদ্ধ ২০ মিনিটেরও বেশি সময় ধরে চলে। নিহত দুই ইসরাইলি সেনা হলেন ২৩ বছর বয়সী স্টাফ সার্জেন্ট রন ইয়োনাতান রয়টম্যান এবং ২০ বছর বয়সী সার্জেন্ট ইউভাল শাই সিভিলেম। 

ইসরাইলি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, হামলাকারী দুজন একটি গাড়ি থেকে নেমে কাছের সড়কে অবস্থান নেন। তাদের কাছে একটি অ্যাসল্ট রাইফেল ও একটি পিস্তল ছিল। আশপাশের ভবনকে আড়াল হিসেবে ব্যবহার করে তারা চেকপোস্ট লক্ষ্য করে গুলি চালান।

হামলার পর হেবরন এলাকায় অভিযান শুরু করেছে ইসরাইলি বাহিনী। সেনাবাহিনী জানিয়েছে, হামলাকারীদের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। বাড়িগুলো গুঁড়িয়ে দেওয়ার প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এছাড়া হেবরন ও আশপাশের ফিলিস্তিনি শহর ও গ্রামগুলোতে সম্পূর্ণ অবরোধ আরোপ করা হয়েছে।

এদিকে হামাস হামলাটিকে ‘বীরত্বপূর্ণ’ বলে আখ্যা দিয়েছে। তবে এ ঘটনার দায় স্বীকার করেনি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটি।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ফিলিস্তিন #ইসরাইল