ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে ইসরাইলে ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমেই বাড়ছে। বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতির পাশাপাশি হতাহতের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে হামলার কারণে সহস্রাধিক মানুষ চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (৩ মার্চ) ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইরানের হামলায় অন্তত ২৮৯ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ শুরুর পর হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১৯ জনের অবস্থা মাঝারি এবং ২৫৮ জন তুলনামূলক ভালো অবস্থায় আছেন। এছাড়া আটজনের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ রয়েছে এবং চারজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত শনিবার সংঘাত শুরুর পর এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৫০ জন আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে ১২০ জন এখনো জরুরি বিভাগে চিকিৎসাধীন, অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।
বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ২১ জনের অবস্থা মাঝারি এবং ৭৫ জন তুলনামূলক স্থিতিশীল বলে জানা গেছে।
উল্লেখ্য, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরান–এ সামরিক অভিযান শুরু করে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হওয়ার দাবি করা হয়। এর জবাবে জবাবে ইসরাইলে পাল্টা হামলা শুরু করে ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।
এসি//