আন্তর্জাতিক

আল জাজিরার বিশ্লেষণ

‘ভয়াবহ ক্ষতিগ্রস্ত ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা’

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইল পর্যন্ত পৌঁছাতে সক্ষম ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত কমে আসছে ইরানের। এমন মন্তব্য করেছেন ভিয়েনাভিত্তিক নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক ভল্ফগ্যাং পুসটাই।

মঙ্গলবার (০৩ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরাইল পর্যন্ত আঘাত হানতে সক্ষম এমন প্রায় দুই শতাধিক ক্ষেপণাস্ত্র এখনও ইরানের হাতে থাকতে পারে। তবে এগুলো নিক্ষেপের জন্য কার্যকর উৎক্ষেপণ প্ল্যাটফর্ম রয়েছে মাত্র কয়েক ডজন।

পুসটাইয়ের মতে, এই সীমিত উৎক্ষেপণ সক্ষমতাই তেহরানের জন্য বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, ১২ দিনের যুদ্ধে ইসরাইলের দিকে যে পরিমাণ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, তার সঙ্গে বর্তমান হামলার সংখ্যা ও সময়ের ব্যবধান তুলনা করলে বোঝা যায় ইসরাইলকে লক্ষ্য করে আঘাত হানার ক্ষেত্রে ইরানের সামর্থ্য স্পষ্টভাবে কমেছে।

তিনি আরও জানান, ইরানের হাতে আনুমানিক ১,২০০ থেকে ১,৫০০ স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকতে পারে, যেগুলোর পাল্লা উপসাগরের পশ্চিম উপকূল পর্যন্ত পৌঁছানোর জন্য যথেষ্ট। এসব ক্ষেপণাস্ত্র মাঝারি-পাল্লার তুলনায় কম উচ্চতায় এবং কম গতিতে উড়ে, ফলে সেগুলো প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ঠেকানো তুলনামূলক সহজ।

তবে সক্ষমতা কমলেও, এই অস্ত্রভাণ্ডার এখনও অঞ্চলটির নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হুমকি হয়ে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইসরাইল #ইরান