আন্তর্জাতিক

প্রেসিডেন্টের যুদ্ধের ক্ষমতা কমাতে মার্কিন সিনেটে ভোট আজ

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন সিনেটে প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণার ক্ষমতা সীমিত করার প্রস্তাবের ওপর আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বুধবার (০৪ মার্চ) প্রস্তাবটি অনুমোদন পেলে প্রেসিডেন্টের একতরফাভাবে সামরিক পদক্ষেপ নেয়ার ক্ষমতার ওপর নতুন নিয়ন্ত্রণ আরোপ হতে পারে।

স্থানীয় সময় সকাল ১১টায় বিলটি নিয়ে আনুষ্ঠানিক বিতর্ক শুরু হওয়ার কথা রয়েছে। এরপর বিকেল ৪টায় সিনেটে ভোটাভুটি অনুষ্ঠিত হবে।

সম্প্রতি ইরানে সামরিক হামলা নিয়ে ওয়াশিংটনে রাজনৈতিক বিতর্ক তীব্র আকার ধারণ করেছে। অভিযোগ উঠেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়াই হামলার নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণার ক্ষমতা কংগ্রেসের হাতে থাকলেও প্রেসিডেন্ট কতদূর পর্যন্ত সামরিক পদক্ষেপ নিতে পারেন—তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, কংগ্রেসের বহু আইনপ্রণেতা ট্রাম্পের এই পদক্ষেপের প্রতি সমর্থন দিচ্ছেন না। তাদের মতে, কংগ্রেসকে পাশ কাটিয়ে এ ধরনের বড় সামরিক অভিযান সাংবিধানিক ভারসাম্য নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

অন্যদিকে তেহরান থেকেও কড়া প্রতিক্রিয়া এসেছে। ইরান সরকার দাবি করেছে, প্রেসিডেন্ট ট্রাম্প এই সংঘাতে যুক্তরাষ্ট্রের স্বার্থের চেয়ে ইসরায়েলকে সন্তুষ্ট করাকেই অগ্রাধিকার দিচ্ছেন। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #মার্কিন সিনেট #যুদ্ধ #ক্ষমতা সীমিত #ডোনাল্ড ট্রাম্প #ভোট