ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতে প্রথমবারের মতো সরাসরি সামরিক সম্পৃক্ততার ঘোষণা দিয়েছে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী চার্লস দ্য গল-কে ভূমধ্যসাগরে মোতায়েনের নির্দেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার (০৩ মার্চ ) টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে ম্যাক্রোঁ বলেন, গত ২ মার্চ সাইপ্রাসে ব্রিটেনের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ায় জোটের সনদ অনুযায়ী নিরাপত্তা সহযোগিতার অংশ হিসেবেই ফ্রান্স এই পদক্ষেপ নিয়েছে বলে তিনি উল্লেখ করেন। ইতোমধ্যে রণতরীটি বাল্টিক সাগর ত্যাগ করে ভূমধ্যসাগরের উদ্দেশে যাত্রা শুরু করেছে এবং বুধবার সন্ধ্যার মধ্যে সেখানে পৌঁছানোর কথা রয়েছে।
ম্যাক্রোঁ বলেন, বর্তমান পরিস্থিতিতে সাইপ্রাসের নিরাপত্তা সহায়তা প্রয়োজন। সে কারণেই যুদ্ধবিমানসহ চার্লস দ্য গল পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ফরাসি প্রেসিডেন্ট আরও জানান, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ফ্রান্সের আনুষ্ঠানিক নিরাপত্তা চুক্তি রয়েছে। পাশাপাশি জর্ডান ও ইরাকের সঙ্গেও প্রতিরক্ষা সহযোগিতায় দৃঢ় অঙ্গীকার আছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এসব প্রতিশ্রুতির প্রতি ফ্রান্স দায়িত্বশীল থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
ভাষণের শেষাংশে ম্যাক্রোঁ বলেন, “আমাদের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে আমরা প্রচেষ্টা অব্যাহত রাখব।”
এসি//