বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান জানিয়েছেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে কূটনৈতিক সম্পর্ক, বৈদেশিক সম্পর্ক এবং আমাদের সঙ্গে তাদের যে অর্থনৈতিক সম্পর্ক সে বিষয় আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১১টায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
ড. মঈন খান বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সৌহার্দপূর্ণ শুভাকাঙ্ক্ষী। তারা অতীতে বিভিন্নভাবে সহযোগিতা করেছে। আমাদের দেশে নতুন সরকার হয়েছে তাই স্বাভাবিকভাবেই তারা এখানে আসবে এবং বাংলাদেশে কী হচ্ছে, আমাদের নীতিমালাগুলো কী, আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা কী এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আমাদের যে পারস্পরিক সম্পর্ক সেসব বিষয় আলোচনা হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেসব বিষয় নিয়ে আলোচনায় অংশ নিতে তারা এ দেশে এসেছে। বিশ্বের বিভিন্ন দেশে যে ঘটনাপ্রবাহ সেসব বিষয়ে সার্বিক আলোচনা হয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করে। একটি স্বৈরাচার শাসনব্যবস্থার অবসান ঘটিয়ে জনগণের সমর্থনে একটি সরকার গঠন করেছে বিএনপি। মানুষের কথা বলা, মত প্রকাশ ও অর্থনৈতিক স্বাধীনতার বিষয়ে আমেরিকার যে নীতি বর্তমান সরকারও সে নীতিতে বিশ্বাস করে এবং বিষয়টিকে পারস্পরিকভাবে এগিয়ে নিতে চায়।
বৈঠকে বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দলে আরও ছিলেন– সংদস সদস্য ব্যারিস্টার নওশাদ জমির, ডা. মাহবুবুর রহমান, নায়েবা ইউসুফ ও ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
আই/এ