জাতীয়

প্রধানমন্ত্রীর বিদেশ যাত্রায় বিমানবন্দরে থাকবেন মাত্র ৪ জন

প্রধানমন্ত্রীর সরকারি ও রাষ্ট্রীয় সফরে বিদেশে যাওয়া এবং দেশে ফেরার সময় মাত্র চারজন ব্যক্তি বিমানবন্দরে উপস্থিত থাকবেন বলে নির্দেশনা জারি করেছে সরকার। আগে মন্ত্রিসভার সদস্য, তিন বাহিনী ও পুলিশ প্রধানসহ অসংখ্য গুরুত্বপূর্ন ব্যক্তি উপস্থিত থাকতেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং স্বদেশ প্রত্যাবর্তনকালে অনুসরণীয় রাষ্ট্রাচার নিয়ে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এতে বলা হয়, সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, প্রধানমন্ত্রীর সরকারি ও রাষ্ট্রীয় সফরে বিদেশযাত্রা এবং স্বদেশ প্রত্যাবর্তনকালে বিমানবন্দরে মন্ত্রিসভার জ্যেষ্ঠতম একজন মন্ত্রী, জাতীয় সংসদের চিফ হুইপ, মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব উপস্থিত থাকবেন।

এর আগে ২০২৪ সালের ২৮ আগস্ট প্রধান উপদেষ্টার বিদেশ যাত্রা ও ফেরার সময় বিমানবন্দরে রাষ্ট্রাচার নিয়ে নির্দেশনা জারি করে অন্তর্বর্তীকালীন সরকার। ওই নির্দেশনা এখন বাতিল করা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের সময়ে ওই নির্দেশনায় বলা হয়েছিল প্রধান উপদেষ্টার সরকারি ও রাষ্ট্রীয় সফরে বিদেশ যাত্রা এবং সফর শেষে দেশে ফেরার সময় নিচের ব্যক্তিরা বিমানবন্দরে উপস্থিত থাকবেন-

উপদেষ্টা পরিষদের জ্যেষ্ঠতম একজন উপদেষ্টা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদার, ডিপ্লোমেটিক কোরের প্রধান, স্বাগতিক দেশ/দেশগুলোর মিশন প্রধানরা, মন্ত্রিপরিষদ সচিব এবং সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধান; মুখ্যসচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, জননিরাপত্তা বিভাগের সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশ মহাপরিদর্শক, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার প্রধান।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রধানমন্ত্রী #বিদেশ