রাজনীতি

মধ্যরাতে নির্বাচনের ফল পরিবর্তন করা হয় : পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দাবি করেছেন, মানুষ যখন জামায়াতের বিজয়ের খবর শোনার জন্য উন্মুখ ছিল তখনই মধ্যরাতে রহস্যজনকভাবে ফলাফল পরিবর্তন করে দেওয়া হলো। এটা বড় ইঞ্জিনিয়ারিং।

শুক্রবার (৬ মার্চ)  জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

পরওয়ার বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু হলেও ফলাফল তৈরি ও ঘোষণায় মহা-ইঞ্জিনিয়ারিং হয়েছে। সাবেক উপদেষ্টার কথায় তা প্রমাণ হয়েছে। তিনি বলেন, অতীতের নির্বাচনের চেয়ে এবারের ধরনটাই ছিল আলাদা। ভোটারদের বোকা বানিয়ে দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা ঠিকই ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। তা না হলে রাত ১০-১১টা পর্যন্ত সারা দেশ থেকে ১১ দলের বিজয়ী হওয়ার খবরে ভোট গণনা বন্ধ রাখা হতো না।

তিনি বলেন, উপদেষ্টা রিজওয়ানার কথাই প্রমাণ করে তিনি সংসদে জামায়াতকে সংখ্যাগরিষ্ঠ আসন পেতে দেননি। তার সঙ্গে কে কে ছিলেন তার নাম প্রকাশেরও দাবি জানান এ জামায়াত নেতা।

সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন ও কাকরাইল হয়ে নাইটিংগেল মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ খলিলুর রহমানের বিরুদ্ধে নানা স্লোগান দেন নেতাকর্মীরা।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #পরওয়ার