সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান আল সৌদ ইরানকে ‘ভুল সিদ্ধান্ত’ না নেওয়ার আহ্বান জানিয়েছেন। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে সৌদি আরবের দিকে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনার মধ্যেই শনিবার (০৭ মার্চ) তিনি এ সতর্কবার্তা দেন।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একটি বিমানঘাঁটির দিকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে। ওই ঘাঁটিতে মার্কিন সেনারা অবস্থান করছেন। একই সঙ্গে একটি বড় তেলক্ষেত্রে ড্রোন হামলার চেষ্টাও নস্যাৎ করা হয়েছে।
এই সপ্তাহে সৌদি আরব আরও জানিয়েছে, তাদের রাস তানুরা তেল শোধনাগার-কে লক্ষ্য করে অন্তত দুটি ড্রোন হামলার চেষ্টা করা হয়েছে।
পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির-এর সঙ্গে বৈঠকের পর খালিদ বিন সালমান সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, এসব হামলা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে। তিনি আশা প্রকাশ করেন, ইরান পরিস্থিতি বিবেচনা করে বিচক্ষণতা দেখাবে এবং উত্তেজনা বাড়ায় এমন সিদ্ধান্ত থেকে বিরত থাকবে।
এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাজধানী রিয়াদ-এর দক্ষিণ-পূর্বে অবস্থিত প্রিন্স সুলতান বিমানঘাঁটি লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।
মন্ত্রণালয় আরও জানায়, শায়বাহ অয়েল ফিল্ড এলাকায় হামলার চেষ্টা করা হয়েছিল এবং এম্পটি কোয়ার্টার মরুভূমি অঞ্চলে ছয়টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
এমএ//