আন্তর্জাতিক

লেবানন–সিরিয়া সীমান্তে ভয়াবহ সংঘর্ষ, নিহত বেড়ে ২৬

আন্তর্জাতিক ডেস্ক

লেবানন–সিরিয়া সীমান্ত এলাকায় ইসরাইলি বাহিনী ল্যান্ডিং অপারেশন চালানোর চেষ্টা করলে সেখানে তীব্র সংঘর্ষ শুরু হয়। লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, সংঘর্ষে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যোদ্ধারাও অংশ নিয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে সীমান্তের এই ফ্রন্টটি এখন দ্রুত সংঘাতপূর্ণ হয়ে উঠছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব বেকা উপত্যকার নবি চিত শহরে ইসরাইলের বিমান হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ ঘটনায় ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এর আগে দক্ষিণ লেবাননে তারা একাধিক প্রাণঘাতী হামলা চালিয়েছে এবং সেখানে স্থলবাহিনী মোতায়েন করেছে।

এর আগে ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়ে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার ফলে সংঘাত আরও বিস্তৃত আকার ধারণ করে।

এদিকে সীমান্তবর্তী পার্বত্য এলাকাগুলোতে এখনো সংঘর্ষ চলছে বলে জানিয়েছে ন্যাশনাল নিউজ এজেন্সি। সেখানে ইসরাইলি বাহিনীর অবতরণের চেষ্টা প্রতিহত করতে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #ইসরাইল #যুক্তরাষ্ট্র